ইরানি প্রেসিডেন্টের মিসর সফর শুরু
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আজ মঙ্গলবার ইসলামি দেশগুলোর জোটের (ওআইসি) সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন। কায়রোর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। বিবিসি জানায়, ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর দেশটির প্রেসিডেন্টদের মধ্যে আহমাদিনেজাদই প্রথম মিসর সফরে গেলেন। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদের এক শীর্ষ বৈঠকে যোগ দেবেন আহমাদিনেজাদ। এ ছাড়া তিনি মিসরের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।তেহরান ছাড়ার আগে ইরানের বার্তা সংস্থা ‘ইরনা’কে দেওয়া এক সাক্ষাত্কারে আহমাদিনেজাদ বলেন, ‘আমি ইরান ও মিসরের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চেষ্টা করব।’ গত বছরের জুনে মিসরের লোকজন রাষ্ট্রপ্রধান হিসেবে একজন ইসলামপন্থীকে নির্বাচিত করার পর ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক জোরদার হয়।