ইরানি বিজ্ঞানী হত্যায় ইসরায়েলের হাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে আজ সোমবার প্রচারিত একটি প্রতিবেদনে এমন কয়েকজন ইরানিকে হাজির করা হয়, যাঁরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে গত তিন বছরে চারজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছেন। প্রতিবেদনে বলা হয়, ১৩ জনের এই দলটি স্বীকার করেছে তারা ‘ওয়াশিংটন ও লন্ডন’ থেকে কাজের নির্দেশ পেত।টেলিভিশনের ওই প্রতিবেদনে দেখানো হয়, আততায়ীরা কীভাবে বিজ্ঞানীদের হত্যার প্রস্তুতি নিয়েছিল। তারা বিজ্ঞানীদের গাড়িতে চুম্বক-বোমা পেতে রাখে এবং মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার আগে বোমাগুলো ফাটায়।মরু প্রান্তরে কিছু অস্থায়ী স্থাপনা দেখিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ওগুলো ইসরায়েলি সেনাবাহিনীর প্রশিক্ষণ শিবির।ডন ডটকমের এক খবরে আজ জানানো হয়েছে, ৪০ মিনিটের প্রতিবেদনটিতে আটক আটজন পুরুষ এবং পাঁচজন নারীকে হাজির করা হয়।মোসাদের হয়ে কাজ করার দায়ে গত ১৫ মে মৃত্যুদণ্ড পাওয়া একজন হলেন মজিদ জামালি ফাসি। আজকের প্রতিবেদনে দেখানো হয়, তিনি এক লাখ ২০ হাজার ডলারের বিনিময়ে ২০১০ সালের জানুয়ারিতে একজন বিজ্ঞানীকে হত্যা করেন। কিছুদিন আগে ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছিল, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বারা প্ররোচিত হয়ে যে চক্রটি বিজ্ঞানীদের হত্যা করছিল, তাদের তারা আটক করতে পেরেছে। বিজ্ঞানী হত্যায় জড়িত থাকার কথা যুক্তরাষ্ট্র জোরেশোরে বাতিল করে দিলেও, ইসরায়েল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।প্রতিবেদনে মজিয়ার ইবরাহিম নামের একজনকে দেখানো হয়। তিনি বলেন, তাঁকে ইসরায়েলে প্রশিক্ষণ নিতে পাঠানো হয়। সেখানে তিনি বিস্ফোরক বানানো এবং বন্দুক চালানোসহ বেশকিছু সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত হন।বেহজাদ আবদলি নামের আরেকজন বলেন, ‘আমরা প্রথমে তুরস্কে গিয়েছিলাম। সেখান থেকে নৌকাযোগে সাইপ্রাস। এরপর ইসরায়েলে তেল আবিবের কাছে ছোট্ট এক শহরে।’ আরশ খেরাদকিশ নামের অপর এক বন্দী বলেন, ‘আমরা চলন্ত মোটরগাড়িতে চুম্বক-বোমা লাগাতে এবং দ্রুত কেটে পড়তে শিখেছি।’বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে দ্য টেলিগ্রাফে প্রকাশিত খবরে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনের ওই প্রতিবেদনে অন্য কোনো প্রমাণ হাজির করা হয়নি, কেবল বিষণ্ন মুখের কিছু অভিযুক্ত মানুষকে দেখানো হয়েছে।