ইরানে অর্থ পাঠাতে পারবে যুক্তরাষ্ট্রের এনজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনকে আর্থিক সহায়তা পাঠাতে ইচ্ছুক যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ওপর থেকে নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেবে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মানবিক কারণে এর আগে ইরানে খাদ্য ও ওষুধের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে সম্প্রতি আঘাত হানা বড় ধরনের দুটি ভূমিকম্পে অন্তত ৩০০ জন নিহত হয়। এ দুর্যোগ মোকাবিলায় ধীরগতির কারণে তেহরানকে সমালোচনার মুখে পড়তে হয়।যুক্তরাষ্ট্র ও ইরানের বেশ কয়েকটি বেসরকারি সংস্থা ইরানে আর্থিক সহায়তা দেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য হোয়াইট হাউসকে চাপ দিলে মার্কিন অর্থ মন্ত্রণালয় সাময়িকভাবে এতে সম্মত হয়। পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে ওয়াশিংটন ইরানের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। ইরান বরাবরই বলে আসছে, শান্তিপূর্ণ লক্ষ্যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।