ইরানে কফির দোকানে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের রাজধানী তেহরানে গত শনিবার বেশ কিছু রেস্তোরাঁ ও কফির দোকান বন্ধ করে দিয়েছে দেশটির পুলিশ। এসব দোকানে অনৈতিক ও ইসলামবিরোধী কাজ চলছিল বলে অভিযোগ রয়েছে। ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল রোববার রয়টার্সে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়।ইরানি বার্তা সংস্থা আইএসএনএর খবরে বলা হয়, শনিবার তেহরানের একটি এলাকার ৮৭টি রেস্তোরাঁ ও কফির দোকানে অভিযান চালায় ইরানের পুলিশের একটি বিশেষ দল (মোরালিটি পুলিশ)। এ সময় ইসলামি পোশাকের নিয়মনীতি ভাঙার অভিযোগে বেশ কয়েকজন নারীকে আটক করে তারা।তেহরানের একজন পুলিশ কর্মকর্তা আলী রেজা মেহরাবি জানান, ইসলামি মূল্যবোধ মেনে না-চলা নারীদের ধূমপানের উপকরণ সরবরাহ করা ও বৈধ লাইসেন্স না থাকার অভিযোগে এসব রেস্তোরাঁ ও কফির দোকানগুলো বন্ধ করা হয়েছে। তিনি বলেন, তেহরানের আশপাশের বিভিন্ন এলাকার নিরাপত্তা জোরদারে এই অভিযান চালানো হয়। শহরের অন্যান্য এলাকায়ও এই অভিযান চালানো হবে।ইরানে গত কয়েক বছরে কফিশপ সংস্কৃতির বিকাশ ঘটেছে। এসব দোকান ও রেস্তোরাঁয় ইন্টারনেট-সুবিধা, খাওয়া-দাওয়া ও পানীয়র সুব্যবস্থা রয়েছে। তা ছাড়া ইরানের তরুণ-তরুণীদের অভিসারের জন্যও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ক্যাফেগুলো। তবে শুরু থেকেই এই সংস্কৃতির কঠোর সমালোচনা করে আসছেন ইরানের রক্ষণশীল নাগরিকেরা।২০০৭ সালে তেহরান পুলিশ কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে ২৪টি ইন্টারনেট ক্যাফেসহ বেশ কিছু কফি শপ বন্ধ করে দেয়। এ সময় ২৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।