ইরানে তেল অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের পাশে এবার ভারত ও তুরস্ক
ইরানের ওপর তেল অবরোধ আরও কার্যকর করতে ভারত, তুরস্কসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, কীভাবে ইরানের তেলের ওপর থেকে দেশগুলোর নির্ভরশীলতা কমিয়ে আনা যায় তার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘আমরা ভারতের সঙ্গে জোর চেষ্টা চালাচ্ছি। ইরানের অপরিশোধিত তেলের ওপর ভারতের নির্ভরশীলতা কমাতে আমরা কোনো অবদান রাখতে পারি কি না, সেটাই ভাবছি। একই সঙ্গে ইরানের বিকল্প অন্য কোনো উেসর কথা ভাবছি।’সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে নুল্যান্ড বলেন, ‘আমাদের সঙ্গে যোগ দিতে ইচ্ছুক অন্য সব দেশের সঙ্গেও আমাদের আলোচনা চলবে। ভারত তাদের মধ্যে একটি।’যুক্তরাষ্ট্র আশা করছে, ইরানের তেল অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানাবে দেশগুলো। যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো অনেক দিন ধরে দাবি করছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইরানের তেলের ওপর অবরোধও আরোপ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবিকে নাকচ করে দিয়েছে ইরান সরকার। ইরানের দাবি তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি চালাচ্ছে।