ইরানে দুই রাজনৈতিক কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে সরকারিভাবে দুই বিরোধী রাজনৈতিক-কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল সোমবার ফাঁসিতে ঝুলিয়ে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।২০০৯ সালে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁদের এই দণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই রাজনৈতিক-কর্মীর নাম জাফর কাজেমি ও মোহাম্মদ আলী হাজাঘাই।ইরানের সরকারি আইনজীবীরা জানিয়েছেন, ওই দুই ব্যক্তি বিক্ষোভকারীদের ছবি ও ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়েছেন। এ ছাড়া তাঁরা নিষিদ্ধঘোষিত দল পিপলস মুজাহিদিন অব ইরানের (পিএমওআই) পক্ষে স্লোগান দেওয়ার জন্যও দোষী সাব্যস্ত হয়েছেন।এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওই দুই রাজনৈতিক-কর্মীর মুক্তি চেয়ে ইরান সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন।এদিকে ফ্রান্সে অবস্থানরত পিএমওআইয়ের নেতা মারিয়াম রাজাভি এই মৃত্যুদণ্ডকে বর্বরোচিত বলে অভিহিত করেছেন।২০০৯ সালে ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আর বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার অন্যতম হাতিয়ার ছিল ইন্টারনেট।ওই ঘটনায় শত শত বিক্ষোভকারীকে আটক করে ইরান সরকার। পরবর্তী সময় আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়। তবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে ৮০ জনেরও বেশি বিক্ষোভকারীকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ১২ জনের মতো বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের মাহমুদ আহমাদিনেজাদের সরকার। বিবিসি, আল জাজিরা।