ইরানে নারী মানবাধিকার-কর্মীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের একটি আদালত দেশদ্রোহ ও সরকারবিরোধী কার্যক্রমের অভিযোগে সে দেশের একজন বিখ্যাত নারী মানবাধিকার-কর্মী ও সাংবাদিককে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। খবর আল-জাজিরা অনলাইনের।শিভা নজর আহারি নামের ২৬ বছর বয়সী এই মানবাধিকার-কর্মীর বিরুদ্ধে সরকারবিরোধী তৎপরতার অভিযোগ আনা হয়েছে। এর পাশাপাশি গত বছর ইরানে প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী সময়ে রক্তক্ষয়ী বিক্ষোভে ইন্ধনেরও অভিযোগ আনা হয়েছে। আহারি ইরানে মানবাধিকার-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘কমিটি ইন হিউম্যান রাইটস রিপোর্টার্স ইন তেহরান’-এর প্রতিষ্ঠাতা। ইরানের স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ইলএনএ জানিয়েছে, আহারি যে ‘অপরাধ’ করেছেন, ইরানের শরিয়াহ আইন অনুযায়ী এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু তাঁর বয়স বিবেচনায় নিয়ে তাঁকে ছয় বছরের শাস্তি দেওয়া হয়েছে। ছয় বছরের কারাদণ্ডের পাশাপাশি আহারিকে ৪০০ মার্কিন ডলার জরিমানা দিতে হবে। জরিমানা দিতে অপারগ হলে তাঁকে ৭৪টি বেত্রাঘাত গ্রহণ করতে হবে।এদিকে, আহারির আইনজীবী মোহাম্মদ শরিফ জানিয়েছেন, যেসব অভিযোগে শিভা নজর আহারিকে এই দণ্ড দেওয়া হয়েছে, তার কোনো আইনি ভিত্তি নেই। তিনি জানান, রায়ের বিরুদ্ধে অবশ্যই আপিল করা হবে।শিভা নজর আহারির বিরুদ্ধে ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান নামের প্যারিসভিত্তিক একটি ইরানবিরোধী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখারও অভিযোগ আনা হয়েছে। এই সংগঠনটি আশির দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় ইরাকি সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে সমর্থন দিয়েছিল। সংগঠনটি সে সময় ইরানবিরোধী বিভিন্ন তত্পরতার সঙ্গে যুক্ত ছিল। বিভিন্ন মানবাধিকার সংস্থা আহারির কারাদণ্ডের প্রতিবাদ জানিয়েছে। তাঁরা বলেছে, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ করার কারণেই আহারির বিরুদ্ধে এই হয়রানিমূলক মিথ্যা অভিযোগ আনা হয়েছে।