ইরানে পর্যবেক্ষকেরা আরও সময় নিতে পারেন
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষকেরা চাইলে ইরানে তাঁদের সফরের সময়সীমা বাড়াতে পারেন। আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে গিয়ে তুরস্কের সম্প্রচার মাধ্যম টিআরটিকে গতকাল সোমবার এক সাক্ষাত্কারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি এ কথা বলেন। বার্তা সংস্থা ইরনা এসব তথ্য জানায়।ডন ডট কম জানায়, মন্ত্রী ওই সাক্ষাত্কারে বলেন, ‘আমরা আইএইএয়ের পর্যবেক্ষক দলের সফরের ফলাফল নিয়ে আশাবাদী। দলটি এখানে তিন দিনের সফরে এসেছে। তারা চাইলে এ সময়সীমা আরও বাড়াতে পারেন।’ মন্ত্রী বলেন, ‘পরমাণু বিস্তার নিয়ন্ত্রণ চুক্তির অধীনে পরমাণু সমৃদ্ধকরণ আমাদের অধিকার। তাই এ কর্মসূচি স্থগিত রাখার কথা বলার কোনো বৈধ অধিকার কারো নেই।’ একই সঙ্গে তিনি বলেন, ইরান আইএইএয়ের নীতিমালার সঙ্গে পুরোপুরি একমত এবং স্বচ্ছতা বজায় রেখেই পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাই পর্যবেক্ষক দলটি চাইলে ইরানের যেকোনো পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারে।আইএইএয়ের ছয় সদস্যের একটি পর্যবেক্ষক দল গত রোববার তিন দিনের সফরে ইরানে গেছে। তেহরানের পরমাণু কর্মসূচির আসল উদ্দেশ্য জানার জন্য তারা এ সফর করছে। পরমাণু ইস্যুতে তেহরান ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনার মধ্যেই পর্যবেক্ষকেরা ইরান সফর করছেন।