ইরানে প্রভাবশালী দুই বিরোধী নেতাকে গ্রেপ্তারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান কর্তৃপক্ষ দেশটির প্রভাবশালী দুই বিরোধী নেতাকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঁরা হলেন—মীর হোসেন মৌসাভি ও মেহেদি কারৌবি। কারৌবির ছেলে বিবিসিকে জানান, গতকাল সোমবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে সরকারের পক্ষে থেকে গ্রেপ্তারের খবর নাকচ করা হয়েছে।কাউরোবির ছেলে বিবিসির ফার্সি বিভাগকে জানিয়েছেন, তাঁর বাবাকে তুলে নেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানেন না।মৌসাভির ঘনিষ্ঠ ওয়েবসাইট কালেমি জানিয়েছে, মীর হোসেন মৌসাভিকে গ্রেপ্তারের পর তেহরানের হেশমাতিয়ে কারাগারে রাখা হয়েছে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, মৌসাভি ও কারৌবির স্ত্রীকেও বাড়ি থেকে নিরাপত্তা কর্মীরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ইরানের সরকারি কর্মকর্তারা দুই বিরোধী নেতাকে গ্রেপ্তারের খবর নাকচ করেছেন। নামপ্রকাশে অনিচ্ছুক ইরানের বিচার বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, মৌসাভি ও কারৌবিকে গ্রেপ্তার করা হয়নি। তাঁরা তাঁদের ঘরেই আছেন। তাঁদেরকে শুধু যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।মিসর ও তিউনিসিয়ার বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ইরানের এই দুই নেতা গত মাসে সে দেশে বিক্ষোভের ডাক দেন। তখন মীর হোসেন মৌসাভি ও মেহেদি কারৌবিকে এবং তাঁদের স্ত্রীদের গৃহবন্দী করা হয়। মৌসাভি ও কারৌবির ডাকে আজ মঙ্গলবার দেশটিতে একটি বিক্ষোভ হওয়ার কথা ছিল।