ইরানে ফুটবল মাঠে বোমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের ইসফাহান স্টেডিয়ামে চলছিল এশিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। হঠাত্ মাঠের মধ্যে পড়ে থাকা একটি ছোট্ট বস্তু সরিয়ে দেওয়ার জন্য সেটা মাঠের বাইরে ছুড়ে দিয়েছিলেন ইরানের সেপাহান ফুটবল ক্লাবের মিডফিল্ডার আদেল কোলাখাজ। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে গিয়ে বিস্ফোরিত হয় বস্তুটি। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ফুটবল মাঠে বোমা পড়ে থাকার ঘটনাটি সমালোচিত হয়েছে ক্রীড়াবিশ্বে।ইরানের ক্লাব সেপাহান ও সৌদি আরবের আল-আলির মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে হঠাত্ই মাঠের মধ্যে একটা কিছু পড়ে থাকতে দেখে সেটা সরিয়ে দিতে চেয়েছিলেন সেপাহান ক্লাবের ৪০ নম্বর জার্সিধারী খেলোয়াড় কোলাখাজ। জিনিসটা তুলে মাঠের বাইরে ফেলে দিতেই সশব্দে বিস্ফোরিত হয় এটি। বিস্ফোরণের পর মাঠের এক কোনায় আগুন জ্বলে ওঠে। হালকা ধোঁয়ায় ছেয়ে যায় মাঠের বেশ খানিকটা অংশ। হকচকিত হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নিরাপদ দূরত্বে সরে যান অন্য খেলোয়াড়েরা।অনাকাঙ্ক্ষিত এ ঘটনাটির পর বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। পরে আবার শুরু হওয়ার পর গোলশূন্য ড্র করে মাঠ ছাড়েন দুই দলের খেলোয়াড়েরা। ফুটবল মাঠে বোমা পড়ে থাকার ঘটনার পরও এ ঘটনার বিন্দুমাত্র উল্লেখ করেনি এশিয়ান ফুটবল কনফেডারেশন। তবে ব্যাপারটি তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে ইরানের পুলিশ।— ডেইলি মেইল