ইরানে বিক্ষোভ, আটক ২০০
ইরানে গত মঙ্গলবার সরকারবিরোধী দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। দেশটির বিরোধী একটি রাজনৈতিক সংগঠনের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ এ খবর দিয়েছে।বিবিসি আরও জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের এই সংখ্যা কোনো নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।ইরানের বিরোধী নেতা মীর হোসেন মৌসাভি ও মেহেদি কাউরোবিকে কারাবন্দী করার প্রতিবাদে ওই বিক্ষোভ সংঘটিত হয়। মৌসাভি ও কাউরোবিকে সরকার গত সোমবার গ্রেপ্তার করে গোপন কোনো কারাগারে রেখেছে বলে তাঁদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে সরকার বলছে, তাঁরা তাঁদের ঘরেই আছেন। বাইরের সঙ্গে তাঁদের যোগাযোগই কেবল বিচ্ছিন্ন করা হয়েছে।ইরানের একটি মানবাধিকার সংস্থা আটকের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছে। তারা বলেছে, বিরোধী কর্মীদের গ্রেপ্তারের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কালো মুখোশ পরে ছিলেন। এ সময় তাঁরা আটক ব্যক্তিদের বেদম প্রহার করেন।তবে, ইরানের সরকারি কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম গত মঙ্গলবার দেশটিতে কোনো ধরনের বিক্ষোভ হওয়ার কথা অস্বীকার করেছে।