ইরানে বোমা হামলায় এক পরমাণু বিজ্ঞানী নিহত, আহত ১
ইরানের রাজধানী তেহরানে পৃথক দুটি বোমা হামলায় একজন পরমাণু বিজ্ঞানী নিহত ও আরেকজন পরমাণু বিজ্ঞানী আহত হয়েছেন। আজ সোমবার ইরানের সংবাদ সংস্থা ইরনা ও মাশরেঘ নিউজ অনলাইন এ তথ্য জানিয়েছে। ইরনার প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার মোটরসাইকেল আরোহী হামলাকারীরা মজিদ শাহরিয়ারি নামের এক পরমাণু বিজ্ঞানীর গাড়ির সঙ্গে বোমা সম্পৃক্ত করে দেয়। ওই বোমা বিস্ফোরণে তিনি ঘটনাস্থলেই নিহত হন। হামলায় তাঁর স্ত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে। মজিদ শাহরিয়ারি ওই সময় নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পরমাণু প্রকৌশল বিভাগের অধ্যাপক ছিলেন। এদিকে মাশরেঘ নিউজ জানিয়েছে, আজ বোমা হামলায় ফেরেইদুন আব্বাসি নামের অপর এক পরমাণু বিজ্ঞানী আহত হয়েছেন। ফেরেইদুন আব্বাসি ইরানের রেভল্যুশনারি গার্ডের একজন সদস্য। হামলায় তাঁর স্ত্রীও আহত হন। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে বোমা হামলায় মাসউদ আলী মোহাম্মদী নামের একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।—বিবিসি