ইরানে ভূমিকম্প, নিহত ৭
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় গতকাল সোমবার রাতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সাতজন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক তিন।ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, এ ভূমিকম্পে কেরমান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশটির গভর্নর ইসমাঈল নজর বলেন, শতাধিক লোক এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তিনি আরও জানান, ভূমিকম্পে প্রদেশের তিনটি গ্রাম সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।এদিকে কেরমানের গভর্নর কার্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে ৩০টির মতো গ্রাম বিধ্বস্ত হয়েছে। তবে এসব গ্রাম তেমন জনবহুল না হওয়ায় নিহতের সংখ্যা বেশি হওয়ার আশঙ্কা নেই।কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে কারমান প্রদেশের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আক্রান্ত এলাকায় উদ্ধারকর্মী প্রেরণ করা হয়েছে বলে তারা জানান। আল-জাজিরা অনলাইন।