ইরানে ভূমিকম্পে নিহত দেড় শতাধিক
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে দেড় শতাধিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে এক হাজার ৩০০ লোক। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইসনা বলেছে, ছয়টি গ্রামের ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ৬০টি গ্রামের ৫০ থেকে ৬০ ভাগ ঘরবাড়ি ধ্বংস হয়েছে।ইউএস জিওলজিক্যাল সার্ভের দেওয়া খবর অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ৩৪ মিনিটে তাবরিজ শহরের ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৯ দশমিক ৯ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ঠিক ১১ মিনিট পর একই শহরের ৪৯ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এলাকায় ভূপৃষ্ঠের একই গভীরতায় দ্বিতীয় কম্পন হয়। এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। বার্তা সংস্থা ইসনা বলেছে, এরপর কমপক্ষে ১৬টি পরাঘাত হয়েছে। কর্মকর্তারা বলেছেন, তাবরিজ ও ভারজগান শহরের কাছে ভূমিকম্প হলেও নিকটবর্তী গ্রামগুলোতেই হতাহতের ঘটনা ঘটেছে বেশি।ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছে, এ ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে আতঙ্কে সবাই রাস্তায় বের হয়ে আসে। রাস্তায় অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী গাড়ির ছোটাছুটি ও মুহুর্মুহু সাইরেনে লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। টেলিফোন যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে রাতে ঘরের বাইরে খোলা আকাশের নিচে থাকতে বলা হয়েছে। এর আগে ২০০৩ সালে ইরানের বাম শহরে ভূমিকম্পে ২৫ হাজারের বেশি মানুষ নিহত হয়। বিবিসি, এএফপি ও রয়টার্স।