ইরানে ভূমিকম্পে নিহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দফা ভূমিকম্পে কমপক্ষে ৪০ ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছে আরও বহুজন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম রেজা মাসুমি বলেন, সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আজকের ভূমিকম্পে ৪০ থেকে ৫০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে প্রায় ৪০০ জন। আহতদের তাবরিজ ও আরদেবিলে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ মাসুমির বরাত দিয়ে এ খবর জানায়। যুক্তরাজ্যের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্যানুযায়ী, রিখটার স্কেলে দুটি শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৬.৪ ও ৬.৩। তাবরিজের আঞ্চলিক গভর্নর আহমেদ আলীরেজা বেইগি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ভূমিকম্পে তাবরিজ শহরে ক্ষয়ক্ষতি কম হলেও শহরের কাছে গ্রামগুলো নিয়ে তিনি শঙ্কিত। ভূমিকম্পে ভয়াবহ ক্ষতিগ্রস্ত আহার শহরের পার্লামেন্ট সদস্য আব্বাস ফাল্লাহ বলেন, ভূমিকম্পে ৬০টি গ্রাম ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আধা-রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহেরকে এ কথা বলেন ফাল্লাহ। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোর্তেজা আকবারপুর ফার্স সংবাদ সংস্থাকে বলেন, এ পর্যন্ত কোনো মৃত্যুর কোন খবর তিনি পাননি। তিনি বলেন, বারাজকান শহরে আহত ৫০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর বেরাজকানের সাংসদ আল্লাহ বারদি দেহকানি মেহেরকে নিশ্চিত করেন, বারাজকান শহরের আশেপাশের বেশিরভাগ গ্রামই ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প কেন্দ্রের মতে, প্রথম ভূমিকম্প স্থানীয় সময় বিকাল চারটা ৫৩ মিনিটে আঘাত হানে। তাবরিজের ৬০ কিলোমিটার দূরে এবং আহারের পাশে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। দ্বিতীয় ভূমিকম্পটি প্রথম ভূমিকম্পটির ১১ মিনিট পরে একই কেন্দ্রস্থলের পাশে হয়। এর পর ৪.৭ বা এর চেয়ে কম মাত্রার ১১টি ছোট ছোট ভূমিকম্প আঘাত হানে।