ইরানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫০ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল শনিবারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রোববার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।এ ছাড়া এই ভূমিকম্পে এক হাজার ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছে। গতকাল হাজার হাজার মানুষ জরুরি আশ্রয়কেন্দ্র ও খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। বহু গ্রামের টেলিফোন-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গতকাল স্থানীয় সময় বিকেল চারটা ৫৩ মিনিটে দেশটির তাবরিজ শহরের কাছে ভূমিকম্প প্রথম আঘাত হানে। কিছুক্ষণ পর একই শহরে দ্বিতীয়বার ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে বেশির ভাগ মানুষ হতাহত হয়েছে আশপাশের গ্রামগুলোতে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৬ দশমিক ৪ ও ৬ দশমিক ৩। ভূমিকম্পে ছয়টি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ৬০টি গ্রামের ৫০ শতাংশের বেশি ধ্বংস হয়ে গেছে।তাবরিজের এক বাসিন্দা বিবিসিকে জানান, ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরবাড়ি ছেড়ে সবাই রাস্তায় বের হয়ে আসে এবং সবখানে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়।স্থানীয় সংকট (ক্রাইসিস) কমিটির এক কর্মকর্তা জানান, পূর্ব আজারবাইজান প্রদেশের হারিস ও ভারজাকান শহরে নিহতের সংখ্যা বেশি। ক্ষতিগ্রস্ত অঞ্চলে বহু উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে উদ্ধার তত্পরতা ব্যাহত হচ্ছে।ইরানের এক রেড ক্রিসেন্ট কর্মকর্তা জানান, ঘরবাড়ি ছেড়ে আসা প্রায় ১৬ হাজার মানুষকে জরুরি আশ্রয় ও সেবা দেওয়া হয়েছে। একটি বার্তা সংস্থার খবরে বলা হয়, প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের দপ্তরের ওয়েবসাইটে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের প্রতি সমবেদনা জানিয়ে একটি বার্তা প্রকাশ করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির শিকার জনগণকে সাহায্য করতে সব ধরনের প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়।