ইরানে মোসাদ চরের ফাঁসি কার্যকর
ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। তেহরান দাবি করেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের চর। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে আজ মঙ্গলবার প্রকাশিত খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।তেহরানের এভিন কারাগারে ২৪ বছর বয়সী মজিদ জামালি ফাশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে খবরে জানানো হয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে তেহরানে নিজ বাসভবনের বাইরে একটি মোটরসাইকেলের সঙ্গে যুক্ত দূরনিয়ন্ত্রিত বোমা হামলায় তেহরান বিশ্ববিদ্যালয়ে ৫০ বছর বয়সী অধ্যাপক মাসুদ আলী মোহাম্মদী নিহত হন। মোহাম্মদী দেশের একজন পরমাণু বিজ্ঞানী বলে দাবি করেছে তেহরান।ইরানি কর্তৃপক্ষের দাবি, পরমাণু বিজ্ঞানী মোহাম্মদীকে হত্যা করার ঘটনায় মজিদ জামালি ফাশি তাঁর অপরাধ স্বীকার করেছেন। এ কারণে গত বছরের আগস্টে তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ২০১০ সালের জানুয়ারিতে ওই হত্যাকাণ্ড ঘটানোর আগে মজিদ জামালি ফাশি মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে একাধিকবার বিদেশ ভ্রমণ করেন।চলতি বছরের শুরুর দিকে ইরানের অপর শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোস্তফা আহমাদি রোশান বোমা হামলায় নিহত হন। এ ঘটনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান।