ইরানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে এক ব্লগারের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে হোসাইন দেরাখশান নামের ইরানি বংশোদ্ভূত কানাডার এক ব্লগারকে গতকাল মঙ্গলবার ১৯ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। ইরানের গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা এ খবর জানিয়েছে। একই সঙ্গে আদালত তাঁকে আগামী পাঁচ বছরের জন্য ইরানের কোনো রাজনৈতিক দল কিংবা গণমাধ্যমে অংশগ্রহণ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং বড় অঙ্কের জরিমানা দিতেও নির্দেশ দেন।আদালতের এই রায়ের পর সরকার আজ বুধবার হোসাইন দেরাখশানের ব্যক্তিগত ব্লগ ‘হোদার ডট কম’ বন্ধ করে দিয়েছে। ফলে আজ তাঁর ব্লগে প্রবেশ করা যায়নি। তবে হোসাইন দেরাখশান আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে ইরানের একটি সংবাদ সংস্থা ও আদালত সূত্র জানিয়েছে।এদিকে কানাডা সরকার দেরাখশানের কারাদণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অবিচার’ বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লরেন্স ক্যানন বলেছেন, বাক-স্বাধীনতার অধিকার সবার আছে। এ জন্য কোনো ব্যক্তি কোথাও শাস্তি পেতে পারে না। ইরানের তাঁকে মুক্তি দেওয়া উচিত।ইরানের অনলাইন সংবাদ সংস্থা মাসরেক নিউজ জানায়, সরকার-বিরোধীদের উসকানি প্রদান, ইসলামি দর্শন ও ব্যক্তিত্বদের অবজ্ঞা করা এবং অশ্লীল ওয়েবসাইট পরিচালনার দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর আগে ২০০৮ সালে ইরান থেকে দেরাখশানকে গ্রেপ্তার করা হয়েছিল।দেরাখশানকে ইরানের ব্লগিং বিপ্লবের প্রবক্তা হিসেবে চিহ্নিত করা হয়। হোসাইন দেরাখশান ২০০০ সালে ইরানিদের ব্লগ প্রকাশ করার কৌশল সম্পর্কে ধারণা দেন। এরপর থেকেই ইরানে ব্লগিং বিপ্লব সংগঠিত হয়। ২০০৬ সালে তিনি ইসরায়েল সফর করেন। এ সময় দেরাখশান ঘোষণা দেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চান।ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর হিউম্যান রাইটস দেরাখশানকে ‘বিবেকের বন্দী’ বলে অভিহিত করেছে। মতপ্রকাশ ও লেখালেখির জন্য দেরাখশানকে এই দণ্ড দেওয়া হয়েছে বলে সংগঠনটি দাবি করেছে। তাদের মতে, দেশটির কারাগারে পাঁচ শতাধিক বিবেকের বন্দী রয়েছে। বিবিসি, আল-জাজিরা।