ইরানে শক্তি প্রয়োগে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখতে শক্তি প্রয়োগে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র। তবে কূটনৈতিক উপায়ে বিষয়টি সমাধানের পথ এখনো খোলা আছে।গতকাল রোববার ওয়াশিংটনে মার্কিন-ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এপেক) নীতিবিষয়ক বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বিবিসি অনলাইনে এই খবর প্রকাশ করা হয়েছে।ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের নীতি ইরানের ওপর হামলা নয়, বরং পরমাণু অস্ত্র থেকে দেশটিকে বিরত রাখা।তেহরানবিষয়ক বিবাদ নিয়ে ইরান-ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ প্রসঙ্গে বলতে গিয়ে প্রভাবশালী ইসরায়েলপন্থী লবি গোষ্ঠীর প্রতি সতর্কবাণী উচ্চারণ করেন ওবামা।এর আগে ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছিলেন, বিশ্ববাসীর জন্য ইরান একটি বড় বিপদ। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। কিন্তু তাদের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান। আর এ বিষয়ে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা চালাতে পারে বলেও জোর ধারণা করা হচ্ছিল।