ইরানে সাইবার হামলার নির্দেশ ওবামার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের বিরুদ্ধে গোপনে সাইবার হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাসখানেকের মধ্যেই এ নির্দেশ দিয়েছিলেন তিনি। নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।ইরানের পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাইবার অস্ত্র প্রয়োগের নির্দেশ এসেছিল বারাক ওবামার কাছ থেকেই। অবশ্য ইরানের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।যুক্তরাষ্ট্রের এ আক্রমণের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ‘অলিম্পিক গেমস’ কোড নামে এ গোপন আক্রমণ শুরু করেছিলেন বুশ। পরে এ আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বারাক ওবামাও। ‘স্টাক্সনেট’ নামের যে কম্পিউটার ভাইরাসটি ইরানের সবচেয়ে বেশি কম্পিউটারে ছড়িয়ে পড়েছিল সে ভাইরাস ছড়ানো হয়েছিল ওবামার নির্দেশেই। পরে কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেকের গবেষকেরা এই ভাইরাসটির কোড বিশ্লেষণ করে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তৈরি বলেই জানান।স্টাক্সনেটের তথ্য প্রকাশ হয়ে পড়ার পর হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডেকে হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছিলেন বারাক ওবামা। ইরানের পরমাণু কর্মসূচি রুখতেই তিনি এ হামলার নির্দেশ দেন।নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের এই সাইবার হামলা এখন কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই। উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও সাইবার হামলা চালানোর নির্দেশদাতা ওবামা।’ সম্প্রতি ‘ফ্লেম’ নামের একটি কম্পিউটার ভাইরাস আবারও আঘাত হেনেছে ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেকের গবেষকেরা জানিয়েছেন, ফ্লেম ভাইরাসটি স্টাক্সনেট গোত্রেরই, তবে এটি আরও ভয়ংকর। এদিকে ইরান দাবি করেছে, তারা স্টাক্সনেট ও ফ্লেম ম্যালওয়্যারের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে।