ইরানে সুন্নি জঙ্গি নেতার ফাঁসি কার্যকর
ইরানে আজ রোববার ভোরে এক সুন্নি জঙ্গি নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, জুনদুল্লাহের (আল্লাহর সেনারা) প্রধান আবদুল মালেক রিজিকে তেহরানের এভিন কারাগারে তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে ফাঁসি কার্যকর করা হয়।রিজির বিরুদ্ধে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়। গত ফেব্রুয়ারিতে দুবাই থেকে কিরগিজস্তানে বিমানে যাওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়।আদালত জানান, জুনদুল্লাহর বিরুদ্ধে ২০০৩ সাল থেকে বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর ১৫৪ জন সদস্যসহ সাধারণ মানুষকে হত্যা এবং কমপক্ষে ৩২০ জন আহত করার অভিযোগ রয়েছে। এই সংগঠনটির বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার কার্যক্রমে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। এ ছাড়া সংগঠনটির বিরুদ্ধে দেশটির পূর্বাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম চালানোরও অভিযোগ আনা হয়।২০০৩ সালে গঠিত জুনদুল্লাহ বেলুচিদের মানবাধিকার, সংস্কৃতি ও বিশ্বাস রক্ষার্থে লড়াই চালিয়ে যাচ্ছে। বেলুচিদের বেশির ভাগ লোক সিস্তান-বেলুচিস্তানে বসবাস করে, যারা ইসলাম ধর্মের সুন্নি মতাবলম্বী। তারা দাবি করে, সংখ্যালঘু হওয়ায় বিভিন্ন সময় ইরানের কর্তৃপক্ষের দ্বারা তারা হয়রানির শিকার হয়।এদিকে রিজি জুনদুল্লাহ গঠনসহ তাঁর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ স্বীকার করেন বলে আদালত সূত্রে জানা যায়।