ইরানে হামলা করতে রাজি নন ইসরায়েলের সেনারা!
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক ২০১০ সালে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিতে। কিন্তু, সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও গোয়েন্দাপ্রধান ওই নির্দেশ প্রত্যাখ্যান করেছিলেন। একটি ইসরায়েলি টিভি চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে আজ সোমবার এ কথা জানানো হয়।খবরে বলা হয়, ২০১০ সালে বেঞ্জামিন নেতানিয়াহু ও এহুদ বারাক প্রতিরক্ষাপ্রধান গাবি আশকেনাজিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গাবি তা রূঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। ইসরায়েলের চ্যানেল-২ নামের একটি টেলিভিশন চ্যানেলে আজ সোমবার প্রচারিত এক তথ্যচিত্রে এ কথা বলা হয়। ওই তথ্যচিত্রে বলা হয়, প্রতিরক্ষা বাহিনীর তত্কালীন চিফ অব স্টাফ গাবি আশকেনাজি ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান মিয়ের দাগান এই নির্দেশের প্রতি অবজ্ঞা দেখান। তাঁরা ইসরায়েলের সেনাবাহিনীর সামরিক সতর্কতার মাত্রা ‘এফ-প্লাস’ বা ‘হামলা আসন্ন’ ঘোষণায় অস্বীকৃতি জানান। ওই টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে এহুদ বারাক বলেন, গাবি আশকেনাজি তাঁকে তখন বলেছেন, ইরানের বিরুদ্ধে সফল অভিযান চালানোর ক্ষমতা সেনাবাহিনীর নেই। এ ছাড়া ওই ধরনের হামলা চালানো হবে কৌশলগত ভুল। পরে বারাক তাঁর অবস্থান থেকে সরে আসেন। অন্যদিকে মোসাদের প্রধান ইরানের বিরুদ্ধে এ ধরনের একটি একপক্ষীয় হামলা চালাতে গররাজি হন। মন্ত্রিসভার অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য নেতানিয়াহু ও বারাককে দায়ী করেন মোসাদের দাগান।ইসরায়েলের অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।