ইরানে হামলা বিপর্যয় ডেকে আনতে পারে: রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে পশ্চিমা সামরিক বাহিনীর হামলা মহাবিপর্যয় ডেকে আনতে পারে। আর এ হামলায় ইরানি শরণার্থী সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে গোষ্ঠীগত উত্তেজনা ছড়িয়ে পড়বে।এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক জানান, ইরানে হামলার কোনো পরিকল্পনা ইসরাইলের নেই। বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জোনাথন মার্কাস বারাকের এ মন্তব্যকে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার প্রক্রিয়া হিসেবে দেখেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি জানান, পরমাণু কর্মসূচি নিয়ে ইস্তাম্বুলে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব শিগগিরই বৈঠকের জন্য স্থান ও সময় নির্ধারণ করা হবে।যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ওই আলোচনার কথা অস্বীকার করে বলেন, তেহরান পূর্বশর্ত ছাড়া আলোচনায় আসতে সম্মত না হওয়ায় এখনো বৈঠকের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।গত বছর ইস্তাম্বুলে এ ব্যাপারে ইরানের সঙ্গে পরাশক্তিগুলোর বৈঠক হলেও সে আলোচনায় নতুন কোনো ফল পাওয়া যায়নি।পশ্চিমা এক কূটনীতিক বিবিসিকে জানান, তেহরান আসলে পূর্বশর্ত ছাড়া আলোচনায় বসার চেয়ে প্রচারণা করতে বেশি আগ্রহী।তেহরান কোম শহরের কাছে ফোর্দো স্থাপনায় শতকরা ২০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম উত্পাদন করছে বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক দল নিশ্চিত করেছে। এর ফলে গত কয়েক সপ্তাহে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের কেন্দ্রীয় ব্যাংক ও তিনটি তেল কোম্পানির সঙ্গে তাদের সব ধরনের লেনদেন বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরানের তেল রপ্তানির উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করবে বলেও জানিয়েছে। এর রেশ ধরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।