ইরানে হামলার দায় বর্তাবে যুক্তরাষ্ট্রের ওপরই
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের যেকোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। গতকাল সোমবার লেবাননের রাজধানী বৈরুতের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে ইরান-সমর্থিত লেবাননি ইসলামপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাঈদ হাসান নাসরাল্লাহ এ কথা জানান। রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে নাসরাল্লাহ বলেন, ইরানে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ওই জবাবটাও হবে বেশ শক্তিশালী। তা ছাড়া ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এর দায়ভার নিতে হবে বলে জানান তিনি।এর আগে গত রোববার পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধে ইরানকে রাজি করাতে বিশ্ব শক্তির প্রতি আহ্বান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের আঞ্চলিক আধিপত্য ও অস্তিত্বের ক্ষেত্রে একটি বড় হুমকি মনে করে। যদিও তেহরানের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ লক্ষ্যে এগোচ্ছে।এদিকে ইরানে আক্রমণের ব্যাপারে নেতানিয়াহুর মন্ত্রিসভাই এখন দ্বিধাবিভক্ত। অনেক ইসরায়েলি কর্মকর্তা তাঁদের কৌশলগত জায়গা থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছেন। এ কারণে নেতানিয়াহু আপাতত ইরানে হামলা করার সিদ্ধান্ত থেকে বিরত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।নেতানিয়াহুর মন্ত্রিসভায় এ ধরনের দ্বিধাবিভক্তির প্রসঙ্গ টেনে নাসরাল্লাহ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ইসরায়েলের সঙ্গে কোনো বিরোধে যেতে চাই না। অন্তত সামনের কয়েক মাসে বা সুদূর ভবিষ্যতেও না।’ এ ছাড়া বিশ্ব ভঙ্গুর অর্থনীতির ব্যাপারেও কথা বলেন নাসরাল্লাহ। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু ও তাঁর প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক উচ্চহারে মুনাফা পান এবং তার খুব কম অংশই ব্যয় করেন।গত মাসে নাসরাল্লাহ ঘোষণা দিয়েছিলেন, ইসরায়েলের সঙ্গে আবার সংঘর্ষে জড়ালে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে হিজবুল্লাহ। গতকালও সাক্ষাত্কারে তিনি ওই কথার পুনরাবৃত্তি করেন। তবে হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দেন নাসরাল্লাহ। তিনি বলেন, ‘আমাদের কাছে কোনো রাসায়নিক অস্ত্র নেই এবং আমরা এ ধরনের অস্ত্র ব্যবহারও করব না।’ ধর্মীয় বা বাস্তব প্রয়োজন ছাড়া এসব অস্ত্রের কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি। শিল্প-অর্থনীতি, বৈদ্যুতিক, রাসায়নিক ও পারমাণবিক স্থাপনা ইত্যাদি ক্ষেত্রে ইসরায়েলের অনেক দুর্বল দিক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।নাসরাল্লাহ ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেন, ‘আপনাদের কলকারখানা, সামরিক ঘাঁটি, স্থাপনা আছে, আর আমার আছে রকেট।’ ইসরায়েলের যেকোনো হামলার জবাবে পাল্টা হামলা চালানোর মতো শক্তি হিজবুল্লাহ ইতিমধ্যে অর্জন করেছে বলেও সতর্ক করেন তিনি।২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে ৩৪ দিনের যুদ্ধ হয় হিজবুল্লাহ গেরিলাদের। এতে লেবাননের এক হাজার ২০০ ও ইসরায়েলের অন্তত ১৬০ জন মানুষ মারা যায়। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ আরও বেশি ভয়াবহ হবে উল্লেখ করে নাসরাল্লাহ বলেন, ‘এই অঞ্চলে কী যে ঘটবে, আমরা তা জানি না।’