ইরানে ‘মার্কিন গুপ্তচর’ হেকমাতির মৃত্যুদণ্ডাদেশ (ভিডিও)
ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আমির মিরজাই হেকমাতিকে সিআইএয়ের পক্ষে গুপ্তচরবৃত্তির অপরাধে তেহরানের একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে। ইরানের আধা সরকারি ফার নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, একটি শত্রু রাষ্ট্রকে সহযোগিতা, সিআইএয়ের সদস্য হিসেবে কাজ করা ও ইরানকে সন্ত্রাসবাদে জড়িত বলে প্রমাণ করার চেষ্টার অপরাধে আমির মিরজাই হেকমাতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
গত মাসে ২৮ বছর বয়সী আমির মিরজাই হেকমাতির বিচারের শুনানি অনুষ্ঠিত হয়। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন বলেও তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত হেকমাতির পরিবার দাবি করেছে, তিনি তাঁর দাদিকে দেখতে ইরান সফরে গিয়েছিলেন।এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, হেকমাতিকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আমির মিরজাই হেকমাতির মুক্তি দাবি করেছে ওয়াশিংটন। ইরানে আসার আগে আমির মিরজাই হেকমাতি আফগানিস্তান ও ইরাকের মার্কিন ঘাঁটিতে প্রশিক্ষণ নিয়েছেন বলে দাবি করেছে তেহরান। আমির মিরজাই হেকমাতির উদ্ধৃতির বরাত দিয়ে ফার নিউজ এজেন্সি জানিয়েছে, সিআইএয়ের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি হেকমাতি স্বীকার করেছেন। তবে তিনি জানিয়েছেন, ইরানের ক্ষতি করার কোনো উদ্দেশ্য তাঁর নেই। আমির মিরজাই হেকমাতির বাবা আলী হেকমাতি জানিয়েছেন, তাঁর ছেলে ২০০১ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে আরবি ভাষার অনুবাদক হিসেবে কাজ করছিলেন তিনি।