ইরানের আচরণ হতাশাব্যঞ্জক: হোয়াইট হাউস
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দলকে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি না দেওয়ার বিষয়টিকে হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। তারা একে ইরানের জন্য ‘ব্যর্থতা’ বলে উল্লেখ করেছে। বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, ‘এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, দেশটি আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা মেনে চলে না।’আইএইএর পরিদর্শকেরা তেহরানের পারচিন সামরিক স্থাপনা পরিদর্শন করতে চেয়েছিলেন। তাঁরা চেয়েছিলেন ইরানের পরমাণু কর্মসূচির সম্ভাব্য সামরিক বৈচিত্র্য যাচাই করতে। কিন্তু ইরান সেই অনুমতি দেয়নি।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার সাংবাদিকদের বলেন, তেহরানের এ ধরনের আচরণ ‘হতাশাজনক’। কিন্তু যুক্তরাষ্ট্র চায় এ আলোচনা আরও এগিয়ে নিতে। তিনি বলেন, ‘এটাই কূটনীতি। তবে আমরা ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করছি না।’এদিকে গতকাল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আন্তর্জাতিক চাপের মুখে ইরানের পরমাণু নীতি পরিবর্তন করা হবে না। কোনো প্রতিবন্ধকতাই এই কর্মসূচি বন্ধ করতে পারবে না। আইএইএর এক বিবৃতিতে বলা হয়, দুই দিনের আলোচনা শেষে দুর্ভাগ্যজনকভাবে ইরানের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো ছাড়াই দলটিকে ফেরত আসতে হয়। গত মাসেও আইএইএর একটি পরিদর্শক দল ইরানে গিয়েছিল।ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক চলছে বেশ কয়েক বছর ধরে। বিতর্ক সত্ত্বেও দেশটি পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইরান এ কর্মসূচি চালাচ্ছে। তবে এ কর্মসূচি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই বলে দাবি করে আসছে দেশটি।