ইরানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু
ইরান আজ সোমবার সাত দিনের এক সামরিক মহড়া শুরু করেছে। ইরানের ইতিহাসে এটি সবচেয়ে বড় সামরিক মহড়া। ইরানের প্রায় অর্ধেক ভূখণ্ডজুড়ে এ মহড়া হচ্ছে। মার্কিন ড্রোন লক্ষ্য করে ইরানের জঙ্গি বিমান গুলি ছুড়েছে, ওয়াশিংটনের এমন অভিযোগের এক সপ্তাহের মধ্যে ইরান এ মহড়া শুরু করল। রয়টার্স বলেছে, সেনাবাহিনী ও ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোরের যৌথ এ মহড়ার মধ্য দিয়ে সম্ভাব্য আক্রমণকারীদের হুঁশিয়ার করল ইরান।ইরানের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, মহড়াটি দেশের পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রায় আট লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে।গণমাধ্যমগুলো আরও জানায়, বিশেষ ও নিয়মিত সেনাবাহিনীর প্রায় আট হাজার সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছে। এতে বোমারু ও যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, গোলন্দাজ ও নজরদারি ব্যবস্থাও পরীক্ষা করে দেখা হবে।প্রেস টিভির খবরে বলা হয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ‘মোদাফিয়ানে আসমানে বেলায়াত-৪’ নামের এই পরিকল্পিত মহড়ার আয়োজন করা হয়েছে। এ মহড়ার অন্যতম অংশ হলো, ইরানে এখন পর্যন্ত আয়োজিত সবচেয়ে বড় বিমান মহড়া। এ মহড়ায় এফ-৪, এফ-৫, এফ-৭ ও এফ-১৪ যুদ্ধবিমান অংশ নিচ্ছে।মহড়ার মুখপাত্র শাহরুখ শাহরম বলেন, ‘মহড়াটি এ অঞ্চলের দেশগুলোর জন্য শান্তি ও নিরাপত্তার একটি বার্তা।’