ইরানের একমাত্র নারী মন্ত্রী বরখাস্ত
ইরানের একমাত্র নারী মন্ত্রী মারিজাহ বাহিদ দাস্তজারদিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দাম কমে যাওয়া এবং পশ্চিমা দেশগুলোর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে কিছু ওষুধের দাম বাড়ানোর প্রস্তাব করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী মারিজাহ। তবে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ দাম বাড়ানোর বিপক্ষে ছিলেন। এ নিয়ে দ্বিমত তৈরি হওয়ায় তাঁকে বরখাস্ত করেন ইরানি প্রেসিডেন্ট।ইরান দেশীয় বাজারের জন্য ৯৭ শতাংশ ওষুধ নিজেরাই উত্পাদন করে। তবে ওষুধের উপাদানগুলো আমদানি করতে হয় তাদের। পশ্চিমা নিষেধাজ্ঞা সরাসরি ওষুধ শিল্পকে প্রভাবিত না করলেও অর্থনৈতিক লেনদেনে নিষেধাজ্ঞা থাকার কারণে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করতে পারছে না দেশটি। ফলে স্থানীয় বাজারে ওষুধের দাম বেড়েছে বলে জানা গেছে।চলতি বছরের অক্টোবরে একজন ইরানি কর্মকর্তা জানান, স্থানীয়ভাবে উত্পাদিত ওষুধের দাম ১৫-২০ শতাংশ বেড়েছে।এদিকে ইরানের বিশেষ রোগ ফাউন্ডেশনের প্রধান ফাতেমা হাশেমি রোগীদের জন্য ক্ষতিকর নিষেধাজ্ঞা শিথিল করতে সহায়তা করতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে একটি চিঠি লেখেন।বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা দিয়েছে। পশ্চিমা শক্তিগুলোর অভিযোগ, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নামে পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তাদের পরমাণু কর্মসূচি। দ্য ডন।