ইরানের ওপর অবরোধ আরোপে উদ্বিগ্ন চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক উদ্বেগের পরিপ্রেক্ষিতে চীনের উদ্বেগ দিন দিন বাড়ছে। তবে ইরানের ওপর আরোপিত অবরোধের কার্যকারিতার ব্যাপারে চীন সন্দিহান বলে জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী।সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক শেষে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিইচি এ কথা বলেন। মিলিব্যান্ড ও জিইচির আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল ইরান।ইয়াংয়ের বক্তব্যে বোঝা যাচ্ছিল, ইরানের সম্প্রসারিত পারমাণবিক কর্মসূচির কারণে নতুন করে অবরোধ আরোপের সিদ্ধান্তের ক্ষেত্রে চীনের সমর্থন চেয়ে পশ্চিমা বিশ্বের আহ্বানে চীন যারপরনাই বিরক্ত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের জোরে চীন এই অবরোধের সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা রাখে।ইয়াং বলেন, চীন বর্তমান পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন। কারণ এখনো কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান সম্ভব বলে চীন মনে করে।পশ্চিমা বিশ্ব মনে করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা চায়, আর পারমাণবিক অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল গতকাল সোমবার বলেন, ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের সময় এসেছে।চীন সব সময়ই ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের বিরোধিতা করে এসেছে এবং বলেছে, অবরোধ কোনো সমস্যার সমাধান নয়। ইরান চীনের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ।ইয়াং ইরানের ওপর অবরোধ আরোপের সরাসরি বিরোধিতা না করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে অবরোধ আরোপ করে এই সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে।ইয়াং বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ের কূটনৈতিক সমাধানের ব্যাপারে আমরা আমাদের কার্যকর তত্পরতা চালিয়ে যাব।’