ইরানের ওপর অবরোধ আরোপে ছয় শক্তিধর দেশ সম্মত: মার্কিন রাষ্ট্রদূত
ইরানের পরমাণু কর্মসূচিতে নতুন করে অবরোধ আরোপের ব্যাপারে সম্মত হয়েছে চীনসহ বিশ্বের ছয়টি শক্তিধর দেশ। মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস গতকাল বুধবার জাতিসংঘকে এ কথা জানিয়েছে। সুসান জানান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা চীনের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছেছে। সিএনএন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে সুসান আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচিতে নতুন করে অবরোধ আরোপের ব্যাপারে চীন বিশ্বের ছয়টি শক্তিধর দেশের সঙ্গে সম্মত হয়েছে। তবে ইরানের ওপর জাতিসংঘের চূড়ান্ত অবরোধ আরোপের বিষয়ে এখনো চীনের সঙ্গে কোনো ঐকমত্য হয়নি। তবে সুসান আশা প্রকাশ করেন, ইরানের পরমাণু কর্মসূচিতে নতুন করে অবরোধ আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো শিগগিরই ঐকমত্যে পৌঁছাতে পারবে।ইরানের ওপর জাতিসংঘের অবরোধ আরোপের ব্যাপারে চীনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, চীন যেকোনো সময় জাতিসংঘে ভেটো দিতে পারে। পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু কর্মসূচিতে অবরোধ আরোপের ব্যাপারে বিশ্বের ছয়টি শক্তিধর দেশের সঙ্গে বৈঠকে বসবে বলে বেশ কয়েকজন কূটনীতিবিদ রয়টার্সকে জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে একমত হয়েছে।উল্লেখ্য, এর আগে জাতিসংঘ ইরানের পরমাণু কর্মসূচিতে তিন দফা অবরোধ আরোপ করে। পশ্চিমা দেশগুলো বরাবরই অভিযোগ করে আসছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে ইরান তা অস্বীকার করে বলেছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।