ইরানের ওপর আরও কঠিন অবরোধ চায় ফ্রান্স
ফ্রান্স বলেছে, তারা নিশ্চিত, ইরান পরমাণু বোমা সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ জন্য ইরানকে আরও কঠোর অবরোধের মুখোমুখি হতে হবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালাইন জুপ্পি ইউরোপের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণের আহ্বান জানান। ওই নীতির মধ্যে রয়েছে ইরানের তেল রপ্তানিতে অবরোধ আরোপ এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকে তারল্যসংকট সৃষ্টি করা।পররাষ্ট্রমন্ত্রী অ্যালাইন জুপ্পির বরাত দিয়ে ফ্রান্সের টেলিভিশন আই-টেলি জানায়, ইরান যে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আইএইএর সর্বশেষ প্রতিবেদনে বিষয়টি ভালোভাবেই উঠে এসেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে ফ্রান্স ইরানের ওপর আরও কঠিন নিষেধাজ্ঞা আরোপ করতে রাজি আছে। তিনি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির দুটি প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে প্রথমটি হচ্ছে ইরানে কেন্দ্রীয় ব্যাংককে দেউলিয়া করা এবং দ্বিতীয়টি হচ্ছে ইরানের তেল রপ্তানিতে অবরোধ আরোপ করা।জুপ্পি বলেন, ‘ইউরোপের দেশগুলোর উচিত, ৩০ জানুয়ারির মধ্যে ইরানের বিরুদ্ধে আমাদের নীতিমালা অনুসরণ করা। আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাতে তাদের এ পদক্ষেপ নেওয়া উচিত।’