ইরানের ওপর ইইউয়ের নিষেধাজ্ঞা অন্যায্য
ইরানের তেল রপ্তানির ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ‘অন্যায্য’ এবং তা ব্যর্থতায় পর্যবসিত হবে। ইইউয়ের এই পদক্ষেপ ইরানের মৌলিক অধিকার আদায়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত এ কথা বলেছেন।গতকাল ব্রাসেলসে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করে ইরান থেকে তেল কেনার ওপর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেন। বিবিসি জানায়, নিষেধাজ্ঞার ফলে ইরানের সঙ্গে নতুন সম্পাদিত তেল চুক্তিগুলো বাতিল করা হয়েছে। সেই সাথে ইইউভুক্ত দেশগুলোতে রক্ষিত ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করা হয়েছে।বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ইরান আন্তর্জাতিক আস্থা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। তারা শান্তিপূর্ণ উদ্দেশে ব্যবহারের জন্য পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তা বোঝাতেও ব্যর্থ হয়েছে।’বর্তমানে ইরানের মোট তেল রপ্তানির ২০ শতাংশই ক্রয় করে ইইউ।মেহমানপারাস্ত বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপের মুখে রয়েছে এমন দেশগুলোর এবং ইউরোপীয় কর্মকর্তাদের নিজেদের জাতীয় স্বার্থের কথা ভাবা উচিত। যুক্তরাষ্ট্রের গোপন লক্ষ্য অর্জনে সহায়তা করতে গিয়ে ইরানের তেল সম্পদ ক্রয় থেকে নিজেদের বঞ্চিত করা ঠিক হবে না।’ তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে সমস্যা তৈরির চেষ্টা করছে।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইইউয়ের নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্ব যে একসঙ্গে রয়েছে তা প্রমাণ হয়েছে।যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমোথি গেইদনার এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক বিবৃতিতে বলেন, নতুন করে আন্তর্জাতিক অঙ্গনের এ কঠোর নিষেধাজ্ঞা ইরানের ওপর আরও চাপ সৃষ্টি করবে। ইইউয়ের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন বলেন, ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্যই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইইউয়ের এ পদক্ষেপকে বড় ধরনের ভুল বলে মন্তব্য করেছেন। ইতিমধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে ইরানে একটি দল পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দলটি সেখানকার পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্কিত সব বিষয়ের সমাধানের চেষ্টা করবে। গত নভেম্বরে ইরানের পরমাণু কার্যক্রমের সম্ভাব্য সামরিক তত্পরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি।