ইরানের ওপর তিন দেশের অবরোধ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা গত সোমবার অবরোধ আরোপ করেছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে এই অবরোধ আরোপ করা হলো। তবে ইরান অবরোধ আরোপের নিন্দা জানিয়েছে একে ‘তিরস্কারযোগ্য ও অনর্থক’ বলে মন্তব্য করেছে।ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্যরা অবরোধের বিষয়টি পর্যালোচনার জন্য আজ মঙ্গলবার বৈঠকে বসেন। ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহমানপরাস্ত সংবাদ সম্মেলনে বলেন, অনর্থক এই অবরোধে ইরানের ওপর কোনো প্রভাব ফেলবে না। আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আরোপিত অবরোধও ‘নিষ্ফল’ প্রমাণিত হয়েছে। এ ধরনের পদক্ষেপ ইরানের জনগণের সঙ্গে শত্রুতার শামিল।

ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত রয়েছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদনে তথ্য প্রকাশিত হওয়ার পর তিনটি দেশ নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপের ঘোষণা দেয়। এ অবরোধ কার্যকর হলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পশ্চিমাদের লেনদেন সীমিত হয়ে পড়বে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ অবরোধকে ‘ইরানের ওপর বড় ধরনের চাপ’ বলে মন্তব্য করেছেন। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ অবরোধের লক্ষ্য হবে ইরানের তেল, জ্বালানিশিল্প ও অর্থনীতি। ইরান বর্তমান অবস্থান থেকে সরে না এলে অব্যাহত চাপের মুখে পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করেন তিনি।আন্তর্জাতিক ব্যাংকগুলোকে ইরানের সঙ্গে কোনো ধরনের লেনদেনের ব্যাপারে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এ ধরনের লেনদেন ইরানের পরমাণু কর্মসূচির জন্য সহায়ক হতে পারে। লিখিত বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইরান এই বিপজ্জনক পথ থেকে সরে না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র এককভাবে এবং সহযোগীদের নিয়ে দেশটির ওপর চাপ অব্যাহত রাখবে।ইরানের ওপর অবরোধের প্রতি ফ্রান্স সমর্থন জানালেও রাশিয়া নিন্দা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ বলেন, একটি স্বাধীন দেশের ওপর এ ধরনের অবরোধ আরোপ অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এতে পরমাণু কর্মসূচির ব্যাপারে তেহরানের সঙ্গে গঠনমূলক আলোচনা ব্যাহত হবে।ইরানে পরমাণু কর্মসূচি অব্যাহত থাকার জোরাল প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে আইএইএ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে, এতে সাধারণ বিষয়কেই রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। এটি নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নতুন করে কোনো অবরোধ আরোপের ভিত্তি তৈরি করেনি।আইএইএর ওই প্রতিবেদন সত্ত্বেও ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি নিরাপত্তা পরিষদে পাঠানো হয়নি। কারণ রাশিয়া ও চীন ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছিল।ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় নিরাপত্তা পরিষদ এরই মধ্যে দেশটির ওপর চার দফা অবরোধ আরোপ করেছে। ইরানের তেলবিষয়ক উপমন্ত্রী আবদোলহোসেইন বায়াত বলেন, নতুন অবরোধ আরোপের ফলে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইরানের রাসায়নিক জ্বালানি রপ্তানি বন্ধ হবে না। রয়টার্স ও বিবিসি অনলাইন।