ইরানের ওপর নতুন অবরোধ আরোপ করতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ বুধবার ইরানের ওপর আরেক দফা অবরোধ আরোপ করতে যাচ্ছে। কেননা, পশ্চিমা শক্তিগুলোর সন্দেহ, ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি।১৫ জাতির প্রতিনিধিত্বকারী এ পরিষদ আজ নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় (১৪০০ গ্রিনিচ মিন টাইম) এ সংক্রান্ত একটি খসড়া সিদ্ধান্তের ওপর ভোট গ্রহণের উদ্দেশ্যে বৈঠকে বসছে। খসড়া সিদ্ধান্তটি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত গত পাঁচ মাসের আলাপ-আলোচনার ফসল।যদিও চার পশ্চিমা-শক্তি ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে চেয়েছিল, কিন্তু বেইজিং ও মস্কো প্রচুর চেষ্টা করে প্রস্তাবিত পদক্ষেপগুলোর কঠোরতা অনেক কমাতে সক্ষম হয়।জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুসান রাইস গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ১০ পৃষ্ঠার খসড়া সিদ্ধান্তটি নতুন করে ইরানের ওপর আরও অর্থবহ ও গুরুত্বপূর্ণ অবরোধ আরোপ করবে।যদি ইরানের পরমাণু কর্মসূচি অথবা ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে বিদেশে অবস্থিত নতুন ইরানি ব্যাংকগুলোর সংশ্লিষ্টতার কোনো সন্দেহের অবকাশ তৈরি হয়, তবে খসড়া সিদ্ধান্তটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছে। এ রকম অবস্থায়, এমনকি দেশটির কেন্দ্রীয় ব্যাংকসহ যেকোনো ব্যাংকের লেনদেনের ওপর নজরদারির প্রস্তাব করা হয়েছে।খসড়া সিদ্ধান্তটি তেহরানের বিরুদ্ধে জাতিসংঘ আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার ব্যাপ্তি আরও বাড়াবে এবং ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইনসের নিয়ন্ত্রণাধীন তিনটি প্রতিষ্ঠানকে এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড করপোরেশনের নিয়ন্ত্রণাধীন আরও ১৫টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করবে। এটি উত্তর কোরিয়ার মতো ইরানের ক্ষেত্রেও পণ্য পরিদর্শনের প্রক্রিয়া চালু করবে। এদিকে খসড়া সিদ্ধান্তটিতে জাতিসংঘের বর্তমান কালো তালিকার বাইরে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমে সহায়তাদান করার সন্দেহে ৪০টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা এসব প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন এই কালো তালিকায় এক ব্যক্তিও রয়েছেন। তিনি হচ্ছেন, ইরানের পরমাণু কেন্দ্রের প্রধান জাভেদ রাহিকি। তাঁর সব সম্পদও জব্দ করা হবে এবং একটি আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় তাঁকে ইরানের বাইরে কোথাও যেতে দেওয়া হবে না। এ খসড়া সিদ্ধান্তটি আজ নিরাপত্তা পরিষদের বৈঠকে ১২টি ভোট পেলে বলবত্ হয়ে যাবে। তবে লেবানন ভোট প্রদান থেকে বিরত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া তুরস্ক ও ব্রাজিল ভোট থেকে বিরত থাকতে অথবা সিদ্ধান্তটির বিপক্ষেও ভোট দিতে পারে।ভেটো প্রদান করার ক্ষমতাপ্রাপ্ত নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়া খসড়া সিদ্ধান্তটির পক্ষে ভোট দেবে বলে আশা করা হচ্ছে।এর আগে ২০০৬ ও ২০০৭ সালে ইরানের ওপর দুই দফা অবরোধ আরোপ করা হয়, যেগুলো সর্বসম্মতভাবে গৃহীত হয়। পরে ২০০৮ সালে নিরাপত্তা পরিষদ ১৪টি হ্যাঁ ভোটে গৃহীত তৃতীয় দফা অবরোধ দেশটির ওপর আরোপ করে।কূটনীতিকেরা বলছেন, মার্কিন কর্মকর্তারা নিউইয়র্কে তুরস্ক ও ব্রাজিলকে আজ ভোট প্রদান থেকে বিরত না থাকতে রাজি করানোর জোর চেষ্টা চালাচ্ছেন। তবে তাঁরা এ চেষ্টায় সফল হবেন কি না তা এখনো অনিশ্চিত। তাঁরা বলছেন, লেবানন সিদ্ধান্তটি সমর্থন করতে অপারগ, কেননা ইরান-সমর্থিত জঙ্গি গ্রুপ হিজবুল্লাহ দেশটি শাসন করছে।