ইরানের ওপর নতুন করে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল বুধবার নতুন করে ইরানের ওপর অবরোধ আরোপের পক্ষে ভোট দিয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চতুর্থবারের মতো এই অবরোধ আরোপ করা হয়। চীন ও রাশিয়াসহ ১২টি দেশ অবরোধের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ব্রাজিল ও তুরস্ক। আর লেবানন ভোট দেওয়া থেকে বিরত ছিল। খবর বিবিসি অনলাইনের। যুক্তরাষ্ট্র এ অবরোধ আরোপকে স্বাগত জানিয়েছে। মূলত এ অবরোধ আরোপের মাধ্যমে আগের অবরোধকে কঠোর করা হয়েছে। বিশেষ করে এ অবরোধের আওতায় পড়বে ইরানের নৌপরিবহন ও আর্থিক খাত। এ ছাড়া ইরানের ৪০টি কোম্পানি এ অবরোধের আওতায় আসবে। তাদের সম্পদও জব্দ করা হতে পারে। নতুন করে অবরোধ আরোপের ফলে ইরানের একজন শীর্ষ পরমাণু কর্মকর্তার ভ্রমণের ওপর বিধিনিষেধ জারি করা যাবে। তবে এই প্রস্তাব পাস করতে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের সমর্থন লেগেছে। ফলে যুক্তরাষ্ট্র যতটা কঠোর নিষেধাজ্ঞা জারি করতে চেয়েছিল, চীন ও রাশিয়ার কারণে সেটা সম্ভব হয়নি।