ইরানের কাছ থেকে অর্থ গ্রহণের কথা স্বীকার করলেন কারজাই
ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ নেওয়ার কথা স্বীকার করলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। তবে তা স্বচ্ছ প্রক্রিয়ায় রাষ্ট্রীয় খাতে ব্যয় করতে সরকারি অনুদান হিসেবে নিয়েছেন বলে জানান তিনি। সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আজ সোমবার এক সংবাদ সম্মেলনে কারজাই এ কথা বলেন। খবর বিবিসির। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, গত আগস্টে ইরান সফরের সময় কারজাই ইরান সরকারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন। আফগানিস্তানে ইরানের স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতিতেই টাকার লেনদেন হয়েছিল বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। এর প্রতিক্রিয়ায় কারজাই প্রতিবেদনের সত্যতা সমর্থন করে জানান, ‘ইরান সরকার আফগানিস্তানকে বছরে দু-একবার পাঁচ থেকে সাত লাখ ইউরোর সরকারি অনুদান দেয়। এভাবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বন্ধুভাবাপন্ন দেশ আমাদের সাহায্য করে।’ অনুদানের অর্থ ব্যক্তিগত কাজে নয়, বরং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে ব্যয় করা হয় বলে তিনি জানান। এদিকে আজ সোমবার প্রতিবেদনটি সম্পূর্ণ নাকচ করেছে আফগানিস্তানের ইরান দূতাবাস। তারা একে ‘হাস্যকর ও অবমাননাকর’ বলেও আখ্যায়িত করেন।