ইরানের জন্য পদক্ষেপ নেওয়ার এখনই সময়: ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের অচলাবস্থার নিরসনে অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার ‘এখনই সময়’। ইসরায়েলে সরকারিভাবে প্রথমবারের মতো সফরে যাওয়ার প্রাক্কালে ওবামা ইরানের প্রতি এ আহ্বান জানান। গতকাল সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আজ মঙ্গলবার স্থানীয় সময় রাতে ওবামা ইসরায়েল উদ্দেশে রওনা হবেন। আগামীকাল বুধবার তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন। ইরানের নতুন বছর ‘নওরোজ’ উদযাপনকে সামনে রেখে ওবামা ইরানিদের প্রতি সরাসরি এ আহ্বান জানান।ফার্সি ভাষার একটি ভিডিও বার্তায় ওবামা তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক দাবি মেনে নিতে আহ্বান জানান। অন্যথায় ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে আভাস দেন।গত সপ্তাহে ইসরায়েলি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে ওবামা পরিষ্কার বলেছিলেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র সর্বশেষ অস্ত্র হিসেবে সেনাবাহিনীকে রেখেছে।ওবামা বলেন, ‘পারমাণবিক কর্মসূচি নিয়ে বিদ্যমান উত্তেজনা প্রশমনে অবিলম্বে অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ইরানের জন্য এটাই উপযুক্ত সময়। পারমাণবিক কর্মসূচির বিষয়ে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানে এখন থেকে কাজ করে যেতে হবে।’তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ, কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দেয়। কিন্তু ইরান সরকার তাদের চলমান কর্মসূচি অব্যাহত রাখলে, তা ইরানকে আরও বিচ্ছিন্ন করে দেবে। এখন তারা কী করবে, তা দেশটির নেতাদেরই ঠিক করতে হবে।’পশ্চিমা বিশ্বের আশঙ্কা, এই কর্মসূচির মাধ্যমে ইরান পারমাণবিক বোমা তৈরি করবে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে কূটনৈতিক উদ্যোগ ও নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা না হয়, তাহলে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে বলে হুমকি দিয়ে আসছে।