ইরানের জিম্মি জেলেদের উদ্ধার করল যুক্তরাষ্ট্র (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরা গত বৃহস্পতিবার আরব সাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি ইরানের ১৩ জেলেকে উদ্ধার করেছেন। গতকাল শুক্রবার পেন্টাগনের পক্ষ থেকে এ দাবি করা হয়। বিবিসি অনলাইনে এ খবর প্রকাশিত হয়েছে।এক মাসেরও বেশি সময় ধরে আরব সাগরে ইরানের ওই জেলেদের জিম্মি করে রেখেছিল সোমালীয় জলদস্যুরা। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, অভিযানের সময় সন্দেহভাজন ১৫ জলদস্যুকে আটক করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আটক হওয়া জলদস্যুরা বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে।

পেন্টাগন জানায়, ইরানের আল-মোলাই নামের নৌযানের ক্যাপ্টেন তাঁদের শোচনীয় অবস্থার কথা জানিয়ে দি ইউএসএস কিড নামের যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজে বার্তা পাঠান। এর পরই গত বৃহস্পতিবার আরব সাগরে অভিযান চালিয়ে সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে জিম্মি হওয়া ইরানের জেলেদের উদ্ধার করা হয়।পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, ‘ইরানের ওই জেলেরা ছিলেন জিম্মি। তাঁদের খাদ্য ছিল অপ্রতুল। ইচ্ছার বিরুদ্ধে জলদস্যুতায় সহায়তা করতে বাধ্য করা হচ্ছিল তাঁদের। উদ্ধারের পর তাঁদের খাদ্য, পানি ও চিকিত্সা দেওয়ায় তাঁরা স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা এখন দেশে ফেরার পথে।’এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অবিশ্বাস্য গল্প বলে উল্লেখ করেছে। কেননা, কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজকে এ অঞ্চলে ফিরে আসার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল ইরান। আর সেই জাহাজই ইরানের জিম্মি জেলেদের উদ্ধার করল।