ইরানের তেল না কেনার সিদ্ধান্ত নিতে পারে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরান থেকে তেল কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে পারে। আজ সোমবার ব্রাসেলসে ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে এ ঘোষণা আসতে পারে। আর এটি হলে তা হবে ইইউয়ের পক্ষ থেকে ইরানের পরমাণু কর্মসূচির পাল্টা জবাব। ইরানের রপ্তানিযোগ্য তেলের ২০ শতাংশই কেনে ইইউভুক্ত দেশগুলো।তবে তেহরান বরাবরই বলে আসছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালাচ্ছে। তাদের উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করা নয়। তারা মনে করে, কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ না করা এবং আলোচনার মধ্য দিয়ে এ বিতর্কের অবসান ঘটতে পারে।ইইউয়ের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন গত শুক্রবার বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ইউরোপের দেশগুলো এখনো ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে চায়।বিবিসি অনলাইন জানিয়েছে, ইইউয়ের কূটনীতিকেরা গত বৃহস্পতিবার ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপে একমত হন। কিন্তু তাঁদের কাছে মনে হয়েছে, ইরান থেকে তেল কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তা দেশটির ওপর আরও বেশি চাপ সৃষ্টি করবে।ইরান তার তেলসম্পদের বেশির ভাগ অংশই বিক্রি করে এশিয়ায়। বর্তমানে ইইউ ও যুক্তরাষ্ট্র চাইছে না, এশিয়ার দেশগুলো ইরান থেকে তেল কিনুক।এদিকে ইইউ ইরান থেকে তেল কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে—এমন আশঙ্কায় এরই মধ্যে ইউরোপসহ বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে।