ইরানের দিকে আঙুল তুলল ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও জর্জিয়ায় ইসরায়েলি দূতাবাসের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের এক কূটনীতিক আহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে।ইসরায়েলি কর্মকর্তারা জানান, ভারত ও জর্জিয়ায় নিযুক্ত সে দেশের কূটনীতিদের লক্ষ্য করেই বোমা হামলা হয়েছিল। আজ সোমবার সন্ধ্যায় দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের একটি গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে সে দেশের একজন কূটনীতিক আহত হয়েছেন বলে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন। ইসরায়েল ও জর্জিয়ার সরকারি কর্মকর্তারা আরও জানান, তিবলিসিতে তাঁদের এক কূটনীতিকের গাড়িতে বোমা পাওয়া গেছে। তবে বিস্ফোরণের আগেই সেটি সরিয়ে নেওয়া হয়।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে। সে দেশের পার্লামেন্টে লিকুদ পার্টির সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের হামলার জবাব দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে।বিবিসির খবরে বলা হয়, ইরানে হামলার হুমকির পর ইসরায়েলি দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনের কাছেই ওই বোমা হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। দিল্লিতে নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র ডেভিড গোল্ডফার্ব জানান, ওই হামলার পেছনে কারা দায়ী, তা এখনো জানা যায়নি।