ইরানের ধ্বংস চেয়ে প্রার্থনা আয়োজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের একজন প্রভাবশালী রাব্বি ইরানের ধ্বংস কামনা করে দেশজুড়ে প্রার্থনা আয়োজনের ডাক দিয়েছেন। রয়টার্সের এক খবরে আজ রোববার বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু গবেষণাকে বাধাগ্রস্ত করতে দেশটিতে সামরিক হস্তক্ষেপের দাবি জানানোর এক সপ্তাহ পর ইহুদি যাজক গতকাল শনিবার রাতে এ ডাক দিলেন। ইসরায়েল ইরানের গবেষণাকে নিজের অস্তিত্বের প্রতি হুমকি বলে মনে করে।বিশ্লেষকেরা মনে করছেন, রাব্বি ওভাদিয়া ইয়োসেফের এই ধর্মোপদেশ জারির পর ইরানের ওপর মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার সম্ভাবনা আরও বাড়ল।ইসরায়েলের সংবাদমাধ্যমকে আজ ইয়োসেফ বলেন, ‘যখন আমরা ঈশ্বরকে বলি, আমাদের শত্রুদের ধ্বংস করে দাও, তখন ইরানের কথা স্মরণ রাখা দরকার। কারণ তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। ঈশ্বর তাদের বিনষ্ট করে দিক।’গত সপ্তাহে নেতানিয়াহু ইরানের পরমাণু গবেষণার অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানাতে তাঁর একজন নিরাপত্তা উপদেষ্টাকে ইয়োসেফের (৯১) কাছে পাঠান। ধারণা করা হচ্ছে, আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরানে হামলার জন্য সমর্থন আদায়ের জন্যই নেতানিয়াহু ইয়োসেফের শরণাপন্ন হয়েছেন। ইয়োসেফ ইসরায়েলের সাবেক প্রধান রাব্বি এবং নেতানিয়াহুর জোট সরকারের অন্যতম শরিক উগ্র মৌলবাদী দল শাসের আধ্যাত্মিক নেতা।ইরানের পারমাণবিক গবেষণা বন্ধে পশ্চিমা দেশগুলোর ব্যর্থ প্রচেষ্টায় হতাশা প্রকাশ করেছেন নেতানিয়াহু। গত শুক্রবার তিনি বলেন, ‘সম্প্রতি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তার গবেষণাকে ত্বরান্বিত করেছে।’এর আগে ফিলিস্তিনিদের সাপের সাথে তুলনা করে এবং দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ‘জগত্ থেকে মুছে দেওয়ার হুমকি’ দিয়ে অনেক নিন্দা কুড়িয়েছেন। ইয়োসেফ বিশ্বাস করেন, অ-ইহুদিদের জন্ম হয়েছে ইহুদিদের সেবা করার জন্য। তবে তিনি কিছু জমি ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দেওয়ারও পক্ষপাতী।