ইরানের নতুন যুদ্ধবিমান
ইরানের কর্তৃপক্ষ দাবি করেছে, আজ শনিবার তারা স্থানীয়ভাবে নির্মিত একটি যুদ্ধবিমান উদ্বোধন করেছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। ইরান বিপ্লবের ৩৪তম বার্ষিকী উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কাহার-৩১৩’ নামের এই যুদ্ধবিমানের উদ্বোধন করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, এটি বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান।মাহমুদ আহমাদিনেজাদ বলেন, দেশে যুদ্ধবিমান তৈরিতে তাঁদের এই সফলতা সামরিক প্রযুক্তিতে ইরানের আত্মনির্ভরশীলতারই প্রতিফলন।টেলিভিশনে প্রচারিত চিত্রে দেখা গেছে, ধূসর বর্ণের যুদ্ধবিমানটিতে সৃজনশীলতার ছাপ রয়েছে।ইরানের বিমানবাহিনীর কয়েক ডজন রুশ ও মার্কিন মডেলের যুদ্ধবিমান আছে। এই যুদ্ধবিমানগুলো ১৯৭৯ সালের বিপ্লবের আগে সংগ্রহ করেছিল ইরান। এরপর দেশটির ওপর একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের সামরিক খাতের তেমন অগ্রগতি হয়নি। তাই তাদের তৈরি এই যুদ্ধবিমানটি মান নিয়ে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন।