ইরানের নিজস্ব ‘হালাল’ ইন্টারনেট (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণভাবে সামরিক ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলছে ইরান। যুক্তরাষ্ট্র প্রভাবিত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা তৈরি করেছে ইরান। সম্প্রতি সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোর কম্পিউটার ব্যবস্থায় সাইবার আক্রমণ প্রতিরোধ করতে নিজস্ব সামরিক ইন্টারনেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইরান।ইন্টারনেটের মাধ্যমে পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোর ইন্টারনেট ব্যবস্থায় স্টাক্সনেট ভাইরাস, ডকুসহ নানারকম ম্যালওয়্যারের আক্রমণে বিপর্যস্ত ইরান। ধারণা করা হচ্ছে, ইরানের পরমাণু সমৃদ্ধকরণের কাজ সাইবার হামলার কারণে এক বছর পিছিয়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নিজস্ব ইন্টারনেট তৈরি করেছে ইরান।এদিকে ‘ওয়াশিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজস্ব ইন্টারনেট ব্যবস্থার জন্য অবকাঠামোগত উন্নয়ন ইতিমধ্যেই শেষ করেছে দেশটি। ইরানের তথ্য-প্রযুক্তি ও তথ্যযোগাযোগমন্ত্রী রেজা তাকিপুর আগস্ট মাসে বলেছিলেন, বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে সরে গিয়ে ২০১৩ সালের শুরুতেই নিজস্ব ইন্টারনেট ব্যবস্থায় পুরোপুরি চলে যাবে ইরান।সিএনএন জানিয়েছে, ইরান ইতিমধ্যে নিজস্ব ইন্টারনেট ব্যবস্থার কয়েকটি সংস্করণ তৈরি করে ফেলেছে। কালেন অ্যান্ডারসন নামের এক গবেষক সিএনএনকে জানিয়েছেন, ইরানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অনেক ঠিকানা কাজ করছে না। এর অর্থ ইরান নিজস্ব ইন্টারনেটে অনেক দূর এগিয়েছে। ভবিষ্যতে ইরান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে পুরোপুরি সরে যেতে পারবে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষকেরা জানিয়েছেন, ইন্টারনেটের ওপর নিজস্ব নিয়ন্ত্রণ আনতে এবং ইরানের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য ফিল্টার করতে ইরানের সরকার অনেক দূর এগিয়েছে।উল্লেখ্য, ২০১১ সালের এপ্রিল মাসে ইরানের প্রেসিডেন্টের অধীন অর্থনীতিবিষয়ক প্রধান কর্মকর্তা আলী আকামোহাম্মাদি জানিয়েছিলেন, ‘ইসলামিক নিয়মনীতি অনুসরণ করে ইরান শিগগিরই ইন্টারনেট ব্যবস্থা তৈরি করবে। এই ইন্টারনেট ব্যবস্থা সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে সংযোগ স্থাপন করবে। এ ইন্টারনেট ব্যবস্থা হবে ‘হালাল’।আকামোহাম্মদি ইরানের নতুন এই ইন্টারনেট ব্যবস্থা বিষয়ে জানিয়েছিলেন, ‘এটা হবে সত্যিকারের হালাল নেটওয়ার্ক, যাতে মুসলমানদের নৈতিক ও মূল্যবোধকে বিবেচনা করা হবে।’