ইরানের পরমাণু কার্যক্রমে জাতিসংঘের গভীর উদ্বেগ
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ গতকাল শুক্রবার ইরানের পরমাণু কার্যক্রম সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি প্রস্তাব পাস করেছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।আইএইএয়ের ওই প্রস্তাবনায় ইরানের পরমাণু সক্ষমতার বিষয়ে উত্থাপিত প্রসঙ্গগুলো স্পষ্ট করতে বলা হয়েছে। তবে পাস হওয়া প্রস্তাবে ইরানের পরমাণু কার্যক্রমের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের বিষয়ে কিছু বলা হয়নি। এ ছাড়া পাস করা প্রস্তাব অনুযায়ী দেশটির পরমাণু সক্ষমতার বর্তমান অবস্থা পরিষ্কার করার ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি আইএইএ।সম্প্রতি আইএইএয়ের এক প্রতিবেদনে বলা হয়, ইরান পরমাণু বোমার নকশা তৈরির ব্যাপারে বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে। সংস্থাটির এ প্রতিবেদনের পর দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বেড়েই চলেছে। এর পরিপ্রেক্ষিতে আইএইএ উদ্বেগ প্রকাশ করে এ প্রস্তাব পাস করল।সংস্থাটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী আসগর সোলতানিহে বলেন, আইএইএয়ের এই প্রস্তাব কেবল ইরানের অবস্থানকেই সুসংহত করবে। তিনি বলেন, ‘আমরা আমাদের কাজ আগের মতোই অব্যাহত রাখব।’ইরানের রাষ্ট্রদূত আইএইএয়ের এই প্রস্তাব দুঃখজনক, হতাশাব্যঞ্জক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।বিশ্লেষকেরা বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তেহরানের বিরুদ্ধে আইএইএয়ের কাছ থেকে যে ধরনের পদক্ষেপ আশা করেছিল, তা পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্র বলছে, আইএইএয়ের এই পদক্ষেপে তারা খুশি। এমনকি হোয়াইট হাউস এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ইরান প্রথম থেকেই বলে আসছে, তারা জ্বালানির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দাবি করছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে।