ইরানের পরমাণু প্রশ্নে কূটনৈতিক তত্পরতার পক্ষে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তিনি কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলাকে সমর্থন করেন। তবে তিনি পরমাণু কর্মসূচির কারণে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ব্যাপারটি উড়িয়ে দেননি।রাশিয়ার প্রেসিডেন্ট লিবিয়ার সার্তেতে অনুষ্ঠিত আরব লিগের সম্মেলনে পাঠানো এক বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি সঠিক নয়। তবে রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সার্ভিসের পাঠানো সেই বার্তায় মেদভেদেভকে উদ্ধৃত করে আরও বলা হয়, তবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টিও এ মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।এদিকে রাশিয়া ও চীন তেহরানের পরমাণু কর্মসূচিতে এখনই কোনো নিষেধাজ্ঞার বিপক্ষে বলে জানা গেছে। ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে তাদের ভূমিকাও অনেকটাই নমনীয়। চলতি মাসের শুরুতে ফ্রান্স ভ্রমণকালে মেদভেদেভ বলেছেন, কূটনৈতিক তত্পরতা ব্যর্থ হলে নিষেধাজ্ঞার বিষয়টি ভেবে দেখা যেতে পারে। ইরান পরমাণু কর্মসূচির ব্যাপারে যদি আন্তর্জাতিক সম্প্রদায়কে সঠিক সহায়তা না করে, সে ক্ষেত্রে রাশিয়া সেই সহযোগিতার জন্য অনন্তকাল অপেক্ষা করবে না।মেদভেদেভ আরও বলেন, এ নিয়ে আরও চিন্তাভাবনার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে, তবে খেয়াল রাখতে হবে যেন এতে ইরানের সাধারণ জনগণ এর লক্ষ্যবস্তুতে পরিণত না হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে কথাবার্তা শোনা যাচ্ছে, তা মোটেই চিন্তাভাবনা প্রসূত নয়। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ল্যাভরভের দেওয়া এক সাক্ষাত্কার উদ্ধৃত করে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানায়। ল্যাভরভ আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে (আইএইএ) ইরানের অসহযোগিতার বিষয়টি রাশিয়া ভালোভাবেই অবগত। তারা ইরানের কাছ থেকে আরও অনেক বেশি সহযোগিতা আশা করে। কিন্তু তাই বলে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা গ্রহণের ঘোর বিরোধী রাশিয়া।