ইরানের পরমাণু বিজ্ঞানী বলছেন তাঁকে অপহরণ করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক বছর ধরে নিখোঁজ ইরানের পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরি দাবি করেছেন, গত বছর সিআইএর এজেন্টরা তাঁকে অপহরণ করে। তিনি বলেন, ইরানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির মার্কিন তত্পরতার একটি অংশ হিসেবে সিআইএ এ কাজ করে। আমিরি (৩২) আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে তেহরান পৌঁছার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আমিরি বলেন, গত বছরের জুন মাসে সৌদি আরবে হজ করার সময় সিআইএর এজেন্টরা তাঁকে অপহরণ করে। তারপর তাঁকে জোর করে একটি মার্কিন সামরিক বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সেখানে মার্কিন ও ইসরায়েলি এজেন্টরা তাঁকে জিজ্ঞাসাবাদ ও তাঁর ওপর নির্যাতন চালায় বলে আমিরি দাবি করেন। তারা তাঁর কাছ থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে গোপন তথ্য জানতে চায়।ইরানিয়ান অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের (আইএইও) কর্মকর্তা আমিরি বলেন, ‘সেখানে আমার ওপর নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।’ তবে আমিরি বলেন, তিনি একজন সাধারণ গবেষক মাত্র, যার পরমাণু প্রযুক্তির বিষয়ে কোনো অভিজ্ঞতা কিংবা ইরানের পরমাণু স্থাপনা সম্পর্কে কোনো জ্ঞান অথবা সেখানে প্রবেশাধিকার নেই।তিনি আরও বলেন, ‘নাতানজ ও ফোর্দো এলাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’এদিকে আমিরি নিখোঁজ হওয়ার পর থেকে ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসে আশ্রয় নেওয়া পর্যন্ত তেহরান বার বার যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়টি উত্থাপন করলেও সেখান থেকে কোনো সদুত্তর পায়নি। গত মঙ্গলবার আমিরি ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসে আশ্রয় নেন এবং তাঁকে দ্রুত ইরানে ফেরত পাঠানোর দাবি জানান। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাস যুক্তরাষ্ট্রে ইরানের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশোনা করে।তবে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেন যে ওই বিজ্ঞানী যুক্তরাষ্ট্রে আছেন, যদিও তিনি অপহরণের অভিযোগ সোজাসুজি নাকচ করে দেন। তিনি বলেন, ‘আমিরি স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে ছিলেন এবং তিনি যখন ইচ্ছা চলে যেতে পারেন।’আমিরি কাতার হয়ে আজ ভোরে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে পৌঁছলে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী হাসান ঘাসঘাবি ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে স্বাগত জানান। —বিবিসি, সিনহুয়া