ইরানের পরমাণু শক্তি অর্জনের ঘোষণা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরান এখন ‘পরমাণু শক্তিধর দেশ’। তবে পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাঁর দেশের নেই। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের এক দিন পরই আহমাদিনেজাদ এ ঘোষণা দিলেন। তিনি বলেন, ‘২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রথম প্যাকেজ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং আমরা এটা ৮০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতেও সক্ষম। প্রথম প্যাকেজে করা সমৃদ্ধ ইউরেনিয়াম বিজ্ঞানীদের কাছেও সরবরাহ করা হয়েছে।’ দেশে ইসলামি বিপ্লবের ৩১তম বার্ষিকী উপলক্ষে তেহরানে গতকাল বৃহস্পতিবার সমবেত হাজার হাজার সমর্থকের উদ্দেশে দেওয়া ভাষণের সময় তিনি এ কথা বলেন। আহমাদিনেজাদ তাঁর ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেন। তিনি ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেন, কোনো ধরনের সামরিক হামলা হলে তা প্রতিরোধ করা হবে।এদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে ইরান উচ্চতর মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করতে যাচ্ছে। পরমাণু পরিদর্শকদের তেহরান এ কথা জানানোর পরই মার্কিন প্রশাসন গত বুধবার এ সিদ্ধান্ত নেয়।যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির লক্ষ্য গণবিধ্বংসী অস্ত্র নির্মাণ। পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মনে করেন, ইরানের ‘এলিট’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে পরিচিত ‘রেভল্যুশনারি গার্ড’ পরমাণু বোমা তৈরিতে সরকারকে এই কর্মসূচিতে সহায়তা করছে। যুক্তরাষ্ট্র দেশের প্রচলিত আইনে সে দেশে রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তা ও তাঁর পরিচালনাধীন চারটি কোম্পানির সম্পদ জব্দ করেছে। বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, তারা রেভল্যুশনারি গার্ডের জেনারেল রোস্তম কাসেমি ও তাঁর পরিচালনাধীন একটি ঠিকাদারি কোম্পানির অধীন চারটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করবে। এর আগে ২০০৭ সালে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। জেনারেল কাসেম ঠিকাদারি কোম্পানি খতম আল-আনবিয়া পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রে অর্থ দপ্তর জানায়, এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে রাস্তাঘাট ও সুড়ঙ্গ নির্মাণ, পানি উন্নয়নবিষয়ক কাজ, কৃষি প্রকল্প ও পাইপলাইন বসানোর কাজের সঙ্গে জড়িত। কোম্পানির মুনাফার অর্থ রেভল্যুশনারি গার্ডের কাজে ব্যবহূত হচ্ছে। গার্ড এসব অর্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে দিচ্ছে। ইরানের নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ইরান বলে আসছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি তারা বেসামরিক খাতে পরমাণু জ্বালানির জন্য চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের এ ঘোষণা আভাস দিচ্ছে, আসলে তা ঠিক নয়। তারা অস্ত্র তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা গ্রহণযোগ্য নয়।ওবামা বলেন, এ ব্যাপারে প্রয়োজনে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র। তাঁর এ বক্তব্যের এক দিন পরই ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র।এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, সংলাপের জন্য ইরানের কাছে ধরনা দেওয়ার ব্যাপারে ওবামা প্রশাসন যেকোনো সরকারের চেয়ে বেশি কিছু করেছে। কিন্তু ফল এসেছে হতাশাজনক। সূত্র: এএফপি, বিবিসি ও এপি।