ইরানের পার্লামেন্ট নির্বাচনে আহমাদিনেজাদের বোনের পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে গতকাল শুক্রবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ছোট বোন পারভিন আহমাদিনেজাদ জয়ী হতে পারেননি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের নিজ শহর গারমসার থেকে নির্বাচন করে পারভিন পরাজিত হয়েছেন। বর্তমানে তিনি তেহরান মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালের নির্বাচনের পর এই প্রথম অনুষ্ঠিত কোনো নির্বাচনে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের নিজ শহরে তাঁর বোনের পরাজয়কে খানিকটা ধাক্কা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ভোটের প্রাথমিক ফলাফলে ধারণা করা হচ্ছে, অনেক আসনেই আহমাদিনেজাদের বিরোধী পক্ষ জয়ী হবে। এখন পর্যন্ত ৬০টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৬টি আসনেই প্রেসিডেন্টের বিরোধীরা জয় পেয়েছে। মাহমুদ আহমাদিনেজাদের জন্য এই নির্বাচনকে একটি বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। আহমাদিনেজাদের ওপর রক্ষণশীলদের সমর্থন এখন কোন পর্যায়ে রয়েছে, তা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে। পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ২৯০টি আসনে সদস্য নির্বাচিত হবে।