ইরানের প্রথম অস্কার এনে দিল ‘আ সেপারেশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন যখন তুঙ্গে, ইরান নিয়ে আলোচনার অর্থ যখন পরমাণু বা অবরোধ-সংক্রান্ত নতুন কোনো ঘটনা যুক্ত হওয়ার বিষয়, ঠিক সে সময় ভিন্নমাত্রিক নতুন একটি ঘটনা ঘটেছে ইরানের জন্য। এবারের অস্কারে বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ইরানের ‘আ সেপারেশন’। ইরানি কোনো চলচ্চিত্রের জন্য প্রথম অস্কার জয় এটি। এর আগে ১৯৯৭ সালে ‘চিলড্রেন অব হেভেন’ ছবিটি মনোনয়ন পেয়েছিল। ইরানের চলচ্চিত্রনির্মাতা আসগার ফারহাদির চিত্রনাট্য ও পরিচালনায় ‘আ সেপারেশন’-এর কাহিনি একটি বিয়েবিচ্ছেদকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও মানুষের জীবনের সাধারণ দিকটাই যেখানে বড় হয়ে উঠেছে।আসগার ফারহাদি পুরস্কার গ্রহণের পর বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক ইরানি আ সেপারেশনের অস্কার জয়ের মুহূর্তটি দেখেছেন, তাঁরা খুবই আনন্দিত।’ইরানের রক্ষণশীল সংস্কৃতির পরিমণ্ডলে থেকে এ ধরনের ছবি নির্মাণ খুবই কঠিন একটি কাজ। কিন্তু সে কঠিন বাস্তবতাতেই ‘আ সেপারেশন’ ছবিটি তৈরির কাজে হাত দিয়েছিলেন পরিচালক আসগার ফারহাদি। সিনেমা বোদ্ধাদের চোখে ‘আ সেপারেশন’ একটি সমাজবাস্তবতার ছবি। ইরানের সংস্কৃতিতে পরিবারের ভাঙন আর সামাজিক বিচারব্যবস্থা ও সমাজবোধের সূক্ষ্ম অনুভূতির এ ছবিটি। অস্কার জিতলেও এ ছবিটি তৈরির শুরুতেই আটকে গিয়েছিলেন এর পরিচালক আসগার ফারহাদি। ইরান সরকার ছবিটি নিষিদ্ধ করেছিল। পরে আসগার ফারহাদি সরকারের কাছে অনুরোধ করেন এবং তৈরি করে ফেলেন ‘আ সেপারেশন।’ এর আগে বার্লিন চলচ্চিত্র উত্সবেও সেরা চলচ্চিত্র হিসেবে গোল্ডেন বেয়ার জিতেছিল ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন লায়লা হাতামি, পেয়ামান মোয়াদি, সারাহ বায়াত ও সারিনা ফারহাদি।এ বছর অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মোট ৬৩টি ছবির নাম জমা পড়েছিল। বিচারকদের মনোনয়নপ্রক্রিয়া নিয়েও সমালোচনা হয়েছিল। তবে সবকিছু ছাপিয়ে ‘আ সেপারেশন’ পুরস্কার জেতায় মানবতার জয় হয়েছে। পশ্চিমা রাজনৈতিক টানাপোড়েনের বাইরে ইরানের মানুষকে ভিন্ন আলোয় দেখার সুযোগ করে দেবে ‘আ সেপারেশন’—অস্কার জেতার পর এমনই আশা করছেন পরিচালক আসগার ফারহাদি। ইরানের টেলিভিশনেও ‘আ সেপারেশন’ ছবিটির অস্কার জয়ের বিষয়টিকে ফলাও করে প্রচার করা হয়েছে।