ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে উদারপন্থী রোহানি জয়ী
ইরানে গতকাল শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে উদারপন্থী নেতা হাসান রোহানি জয়লাভ করেছেন। রয়টার্স জানায়, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহাম্মদ-নাজার আজ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে নির্বাচনের ফল ঘোষণা করেছেন।নাজার বলেন, প্রায় পাঁচ কোটি ভোটারের ৭২ শতাংশ নির্বাচনে অংশ নিয়েছেন এবং রোহানি ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইরানের আইন অনুযায়ী কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীকে দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নিতে হয়। বিবিসি বলছে, হাসান রোহানি বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা প্রশমনে আগ্রহী। আসছে ৩ আগস্টের মধ্যে নির্বাচনের ফল দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দ্বারা অনুমোদিত হতে হবে। এরপর নির্বাচিত প্রেসিডেন্ট শপথ নেবেন।নির্বাচনে মোট তিন কোটি ৬৭ লাখ চার হাজার ১৫৬ জন ভোটার ভোট দিয়েছেন। প্রার্থী ছিলেন মোট ছয়জন। হাসান রোহানি পেয়েছেন এক কোটি ৮৬ লাখ ১৩ হাজার ৩২৯ ভোট। তাঁর নিকটতম প্রার্থী ও তেহরানের মেয়র মোহাম্মদ বাকের কালিবাফ পেয়েছেন ৬০ লাখ ৭৭ হাজার ২৯২ ভোট।নাজার বলেন, যদি কোনো প্রার্থী ফল নিয়ে অসন্তুষ্ট থাকেন, তবে তিন দিনের মধ্যে তাঁকে অভিভাবক পরিষদে অভিযোগ দাখিল করতে হবে।